পরিশিষ্ট ক — অর্থ আইন, ২০২৬, ধারা ১৬০

আয়কর আইন, ২০২৩ · fa-2026-s160 · ita2023-appA
অবস্থা · Status
current
সংস্করণ · Version
1
উৎস · Source
CPA Bangladesh consolidation v27 (migration)
যাচাই · Official source
bdlaws / Gazette
স্থায়ী আইডি · ID
ita2023-appA

পরিশিষ্ট ক

অর্থ আইন, ২০২৬ — ধারা ১৬০

১৬০। ২০২৬-২০২৭ হইতে ২০৩০-২০৩১ করবর্ষের আয়কর, সারচার্জ ও কর রেয়াত।- (১) উপ-ধারা (৩) এর বিধানাবলি সাপেক্ষে, ২০২৬-২০২৭ হইতে ২০৩০-২০৩১ করবর্ষের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল-২ এর প্রথম অংশে নির্দিষ্ট করহার অনুযায়ী আয়কর ধার্য হইবে।

(২) যে সকল ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর তফসিল প্রযোজ্য হইবে, সেই সকল ক্ষেত্রে আরোপণযোগ্য কর উক্ত তফসিল অনুসারেই ধার্য করা হইবে, কিন্তু করহার নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রয়োগ করিতে হইবে।

(৩) আয়কর আইন, ২০২৩ এর অংশ ৭ অনুসারে কর কর্তনের নিমিত্ত বর্ণিত হার বা অগ্রিম কর পরিশোধের হার ও কর পরিশোধের বিধানাবলী ২০২৬ সালের ১ জুলাই তারিখে আরব্ধ আয়বর্ষ হইতে প্রযোজ্য হইবে।

(৪) এই ধারায় এবং এই ধারার অধীন আরোপিত আয়কর হারের উদ্দেশ্যে ব্যবহৃত “মোট আয়” অর্থ আয়কর আইন, ২০২৩ এর বিধান অনুসারে নিরূপিত মোট আয়।

(৫) আয়কর আইন, ২০২৩ এর আওতায় ২০২৬-২০২৭ হইতে ২০৩০-২০৩১ করবর্ষের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে তফসিল-২ এর দ্বিতীয় অংশে ও তৃতীয় অংশে নির্দিষ্ট হার অনুযায়ী সারচার্জ ধার্য হইবে।

(৬) আয়কর আইন, ২০২৩ এর আওতায় ২০২৬ সনের ১ জুলাই হইতে আরব্ধ করবর্ষের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে তফসিল-২ এর চতুর্থ অংশে নির্দিষ্ট হার অনুযায়ী কর রেয়াত প্রদান করা হইবে।

তফসিল-২

[ধারা ১৬০ দ্রষ্টব্য]

প্রথম অংশ

২০২৬-২০২৭ হইতে ২০৩০-২০৩১ করবর্ষের (৫ বৎসরের) জন্য করহার

অনুচ্ছেদ-ক

২০২৬-২০২৭ এবং ২০২৭-২০২৮ করবর্ষের জন্য করহার

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ২(৬৯) এ সংজ্ঞায়িত ব্যক্তিগণের (persons) মধ্যে অনিবাসী বাংলাদেশিসহ সকল স্বাভাবিক ব্যক্তি (individual) ও হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে মোট আয়ের উপর করহার নিম্নরূপ হইবে, যথা:―

করধাপ করহার
৪,০০,০০০ টাকা পর্যন্ত শূন্য
পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত ১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত ১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত ২০%
পরবর্তী ২০,০০,০০০ টাকা পর্যন্ত ২৫%
অবশিষ্ট টাকার উপর ৩০%

তবে শর্ত থাকে যে,―

(ক) মহিলা করদাতা এবং ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৪,৫০,০০০ টাকা;

(খ) তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৫,২৫,০০০ টাকা;

(গ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৫,৫০,০০০ টাকা;

(ঘ) কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হইবে, তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করিবেন;

(ঙ) বাংলাদেশে অনিবাসী (অনিবাসী বাংলাদেশি ব্যতীত) এইরূপ সকল করদাতার জন্য এই অনুচ্ছেদ প্রযোজ্য হইবে না;

(চ) মোট আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করিলে ন্যূনতম করের পরিমাণ হইবে ৫,০০০ (পাঁচ হাজার টাকা), তবে, নতুন করদাতাগণের ক্ষেত্রে এইরূপ ন্যূনতম করের পরিমাণ হইবে ১,০০০ (এক হাজার টাকা)।

অনুচ্ছেদ-খ

২০২৮-২০২৯ এবং ২০২৯-২০৩০ করবর্ষের জন্য করহার

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ২(৬৯) এ সংজ্ঞায়িত ব্যক্তিগণের (persons) মধ্যে অনিবাসী বাংলাদেশিসহ সকল স্বাভাবিক ব্যক্তি (individual) ও হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে মোট আয়ের উপর করহার নিম্নরূপ হইবে, যথা:―

প্রস্তাবিত করধাপ প্রস্তাবিত করহার
৪,৫০,০০০ টাকা পর্যন্ত শূন্য
পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত ১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত ১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত ২০%
পরবর্তী ২০,০০,০০০ টাকা পর্যন্ত ২৫%
পরবর্তী ২,৬৩,৫০,০০০ টাকা পর্যন্ত ৩০%
অবশিষ্ট টাকার উপর ৩৫%

তবে শর্ত থাকে যে,―

(ক) মহিলা করদাতা এবং ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৫,০০,০০০ টাকা;

(খ) তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৫,৭৫,০০০ টাকা;

(গ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৬,০০,০০০ টাকা;

(ঘ) কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হইবে, তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করিবেন;

(ঙ) বাংলাদেশে অনিবাসী (অনিবাসী বাংলাদেশি ব্যতীত) এইরূপ সকল করদাতার জন্য এই অনুচ্ছেদ প্রযোজ্য হইবে না;

(চ) মোট আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করিলে ন্যূনতম করের পরিমাণ হইবে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা। তবে, নতুন করদাতাগণের ক্ষেত্রে এইরূপ ন্যূনতম করের পরিমাণ হইবে ১,০০০ (এক হাজার) টাকা।

অনুচ্ছেদ-গ

২০৩০-২০৩১ করবর্ষের জন্য করহার

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ২(৬৯) এ সংজ্ঞায়িত ব্যক্তিগণের (persons) মধ্যে অনিবাসী বাংলাদেশিসহ সকল স্বাভাবিক ব্যক্তি (individual) ও হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে মোট আয়ের উপর করহার নিম্নরূপ হইবে, যথা:―

প্রস্তাবিত করধাপ প্রস্তাবিত করহার
৫,০০,০০০ টাকা পর্যন্ত শূন্য
পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত ১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত ১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত ২০%
পরবর্তী ২০,০০,০০০ টাকা পর্যন্ত ২৫%
পরবর্তী ২,৬৩,০০,০০০ টাকা পর্যন্ত ৩০%
অবশিষ্ট টাকার উপর ৩৫%

তবে শর্ত থাকে যে,―

(ক) মহিলা করদাতা এবং ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৫,৫০,০০০ টাকা;

(খ) তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৬,২৫,০০০ টাকা;

(গ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৬,৫০,০০০ টাকা;

(ঘ) কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হইবে, তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করিবেন;

(ঙ) বাংলাদেশে অনিবাসী (অনিবাসী বাংলাদেশি ব্যতীত) এইরূপ সকল করদাতার জন্য এই অনুচ্ছেদ প্রযোজ্য হইবে না;

(চ) মোট আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করিলে ন্যূনতম করের পরিমাণ হইবে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা। তবে, নূতন করদাতাগণের ক্ষেত্রে এইরূপ ন্যূনতম করের পরিমাণ হইবে ১,০০০ (এক হাজার) টাকা।

অনুচ্ছেদ-ঘ

২০২৬-২০২৭ হইতে ২০৩০-২০৩১ করবর্ষের (৫ বৎসরের) জন্য করহার

কোম্পানি, ব্যক্তিসংঘ, ট্রাস্ট, ফার্ম এবং অন্যান্য সত্তা যাহাদের ক্ষেত্রে অনুচ্ছেদ-ক, খ বা, ক্ষেত্রমত, গ প্রযোজ্য হইবে না সেই সকল প্রত্যেক করদাতা, যাহাদের ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) অনুযায়ী কর আরোপিত হয়, তাহাদের মোট আয়ের উপর করহার নিম্নরূপ হইবে, যথা:―

(১) যে কোম্পানির রেজিস্ট্রিকৃত অফিস বাংলাদেশে অবস্থিত সেই কোম্পানি হইতে লব্ধ লভ্যাংশ আয় ব্যতিরেকে অন্য সর্ব প্রকার আয়ের উপর—

(ক) দফা (খ), (গ) এবং (ঘ)-তে বর্ণিত কোম্পানিসমূহের ক্ষেত্র ব্যতীত—

(অ) এইরূপ প্রত্যেকটি publicly traded company যাহাদের পরিশোধিত মূলধনের অন্যূন ১০% শেয়ার IPO (Initial Public Offering) বা Direct Listing বা Right Issue বা RPO (Repeat Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হইয়াছে তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য কর উক্ত আয়ের ২২.৫%;

তবে শর্ত থাকে যে, বিবেচ্য আয়বর্ষে সকল ধরনের লেনদেন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করিলে উপরিউক্ত করহার উক্ত আয়ের ২০% হইবে;

(আ) এইরূপ প্রত্যেকটি publicly traded company যাহাদের পরিশোধিত মূলধনের ১০% এর কম শেয়ার IPO (Initial Public Offering) বা Direct Listing বা Right Issue বা RPO (Repeat Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হইয়াছে তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য কর উক্ত আয়ের ২৫%;

তবে শর্ত থাকে যে, বিবেচ্য আয়বর্ষে সকল ধরনের লেনদেন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করিলে উপরিউক্ত করহার উক্ত আয়ের ২২.৫% হইবে;

(ই) উপ-দফা (অ) ও (আ) তে উল্লিখিত কোম্পানি ব্যতীত আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ২ এর দফা (৩১) এ সংজ্ঞায়িত অন্যান্য কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য কর উক্ত আয়ের ২৭.৫%;

তবে শর্ত থাকে যে, বিবেচ্য আয়বর্ষে সকল ধরেনের লেনদেন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করিলে উপরিউক্ত করহার উক্ত আয়ের ২৫% হইবে;

(খ) ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও ফাইন্যান্স কোম্পানিসমূহ:

(অ) এইরূপ প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য কর যাহা publicly traded company (মার্চেন্ট ব্যাংক ব্যতীত)- উক্ত আয়ের ৩৭.৫%;

(আ) এইরূপ প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য কর যাহা publicly traded company নহে: উক্ত আয়ের ৪০%;

(গ) সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য কর- উক্ত আয়ের ৪৫%;

(ঘ) মোবাইল ফোন অপারেটর কোম্পানিসমূহের ক্ষেত্রে প্রযোজ্য কর- উক্ত আয়ের ৪৫%;

তবে শর্ত থাকে যে, মোবাইল ফোন অপারেটর কোম্পানি যদি উহার পরিশোধিত মূলধনের ১০% শেয়ার, যাহার মধ্যে Pre Initial Public Offering Placement ৫% এর অধিক থাকিতে পারিবে না, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হস্তান্তর করত: Publicly Traded Company তে রূপান্তরিত হয় সেই ক্ষেত্রে করের হার হইবে ৪০%:

আরও শর্ত থাকে যে, যদি এইরূপ কোম্পানি উহার পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০% শেয়ার Initial Public Offering (IPO) এর মাধ্যমে হস্তান্তর করে, তাহা হইলে এইরূপ কোম্পানি উক্ত হস্তান্তর সংশ্লিষ্ট বৎসরে প্রযোজ্য আয়করের উপর ১০% হারে আয়কর রেয়াত লাভ করিবে;

(২) কোম্পানি, ফার্ম এবং ব্যক্তিসংঘ নহে, বাংলাদেশে অনিবাসী (অনিবাসী বাংলাদেশি ব্যতীত) এইরূপ অন্যান্য সকল করদাতার ক্ষেত্রে প্রযোজ্য কর- উক্ত আয়ের ৩০%;

(৩) কোম্পানি নহে, সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক এইরূপ করদাতার উক্ত ব্যবসায় হইতে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য কর- উক্ত আয়ের ৪৫%;

(৪) ফার্ম, ব্যক্তিসংঘ, কৃত্রিম ব্যক্তিসত্তা এবং ট্রাস্ট এর আয়ের ক্ষেত্রে প্রযোজ্য কর- উক্ত আয়ের ২৭.৫%;

(৫) সমবায় সমিতি আইন, ২০০১ (২০০১ সনের ৪৭ নং আইন) অনুযায়ী নিবন্ধিত সমবায় সমিতির আয়ের ক্ষেত্রে প্রযোজ্য কর- উক্ত আয়ের ২০%;

(৬) বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজ এর আয়ের ক্ষেত্রে প্রযোজ্য কর- উক্ত আয়ের ৫%।

ব্যাখ্যা।—এই অনুচ্ছেদে “publicly traded company” বলিতে এইরূপ কোনো পাবলিক লিমিটেড কোম্পানিকে বুঝাইবে যাহা কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) অনুসারে বাংলাদেশে নিবন্ধিত এবং যে আয়বর্ষের আয়কর নির্ধারণ করা হইবে সেই আয়বর্ষ সমাপ্তির পূর্বে উক্ত কোম্পানিটির শেয়ার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হইয়াছে।

দ্বিতীয় অংশ

সারচার্জের হার

অনুচ্ছেদ ক

২০২৬-২০২৭ হইতে ২০৩০-২০৩১ করবর্ষের (৫ বৎসরের) জন্য সারচার্জের হার

স্বাভাবিক ব্যক্তি করদাতা (assessee being individual) এর ক্ষেত্রে, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ১৬৭ অনুযায়ী পরিসম্পদ ও দায়ের বিবরণীতে প্রদর্শিত নিম্নবর্ণিত সম্পদের ভিত্তিতে, করযোগ্য আয়ের উপর তফসিল-২ এর অনুচ্ছেদ-ক, খ বা, ক্ষেত্রমত, গ এ উল্লিখিত কর হার প্রয়োগ করিয়া পরিগণিত অঙ্কের উপর, নিম্নরূপ হারে সারচার্জ প্রদেয় হইবে, যথা:―

সম্পদ সারচার্জের হার
(ক) নিট পরিসম্পদের পরিমাণ ৪ (চার) কোটি টাকা পর্যন্ত- শূন্য
(খ) নিট পরিসম্পদের পরিমাণ ৪ (চার) কোটি টাকার অধিক কিন্তু ১০ (দশ) কোটি টাকার অধিক নহে; বা, স্বীয় নামে একের অধিক মোটর গাড়ি; বা, মোট ৮০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহ-সম্পত্তি ১০%
(গ) নিট পরিসম্পদের পরিমাণ ১০ (দশ) কোটি টাকার অধিক কিন্তু ২০ (বিশ) কোটি টাকার অধিক নহে- ২০%
(ঘ) নিট পরিসম্পদের পরিমাণ ২০ (বিশ) কোটি টাকার অধিক কিন্তু ৫০ (পঞ্চাশ) কোটি টাকার অধিক নহে- ৩০%
(ঙ) নিট পরিসম্পদের পরিমাণ ৫০ (পঞ্চাশ) কোটি টাকার অধিক হইলে ৩৫%

অনুচ্ছেদ খ

(১) সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার উক্ত ব্যবসায় হইতে অর্জিত আয়ের উপর ২.৫% হারে সারচার্জ প্রদেয় হইবে।

(২) কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিগণের গম্যতার ক্ষেত্রে দেশে বলবৎ আইনি বিধান অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা না রাখিলে উক্ত প্রতিষ্ঠানের অর্জিত আয়ের উপর ২.৫% হারে সারচার্জ প্রদেয় হইবে।

তৃতীয় অংশ

পরিবেশ সারচার্জের হার

২০২৬-২০২৭ হইতে ২০৩০-২০৩১ করবর্ষের (৫ বৎসরের) জন্য পরিবেশ সারচার্জ

কোনো স্বাভাবিক ব্যক্তি যাহার নামে একাধিক মোটর গাড়ি, অতঃপর গাড়ি বলিয়া উল্লিখিত, রহিয়াছে, তাহার একের অধিক প্রত্যেকটি গাড়ির জন্য নিম্নবর্ণিত ছকে উল্লিখিত গাড়ির বিপরীতে উল্লিখিত হারে পরিবেশ সারচার্জ প্রদেয় হইবে, যথা:―

ক্রমিক নং মোটর গাড়ির বর্ণনা পরিবেশ সারচার্জের হার (টাকায়)
১। ১৫০০ সিসি পর্যন্ত প্রতিটি মোটর গাড়ির জন্য ২৫,০০০
২। ১৫০০ সিসির অধিক কিন্তু ২০০০ সিসির অধিক নহে এমন প্রতিটি মোটর গাড়ির জন্য ৫০,০০০
৩। ২০০০ সিসির অধিক কিন্তু ২৫০০ সিসির অধিক নহে এমন প্রতিটি মোটর গাড়ির জন্য ৭৫,০০০
৪। ২৫০০ সিসির অধিক কিন্তু ৩০০০ সিসির অধিক নহে এমন প্রতিটি মোটর গাড়ির জন্য ১,৫০,০০০
৫। ৩০০০ সিসির অধিক কিন্তু ৩৫০০ সিসির অধিক নহে এমন প্রতিটি মোটর গাড়ির জন্য ২,০০,০০০
৬। ৩৫০০ সিসির অধিক এমন প্রতিটি মোটর গাড়ির জন্য ৩,৫০,০০০

তবে শর্ত থাকে যে,

(ক) একাধিক গাড়ির ক্ষেত্রে যে গাড়ির উপর সর্বনিম্ন হারে পরিবেশ সারচার্জ আরোপিত হইবে উক্ত গাড়ি ব্যতীত অন্যান্য গাড়ির বিপরীতে পরিবেশ সারচার্জ পরিশোধ করিতে হইবে;

(খ) পরিবেশ সারচার্জ গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়নকালে নিবন্ধন বা ফিটনেস নবায়নকারী কর্তৃপক্ষ কর্তৃক উৎসে সংগৃহীত হইবে;

(গ) একাধিক বৎসরের জন্য গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়ন করা হইলে যে অর্থ বৎসরে গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়ন করা হইয়াছে তৎপরবর্তী অর্থ বৎসরগুলার ৩০ জুন তারিখের মধ্যে প্রযোজ্যহারে পরিবেশ সারচার্জ পরিশোধ করিতে হইবে;

(ঘ) যেইক্ষেত্রে কোনো করদাতা শর্ত (গ) মোতাবেক উৎসে পরিবেশ সারচার্জ পরিশোধ করিতে ব্যর্থ হন সেইক্ষেত্রে নিবন্ধন বা ফিটনেস নবায়নকালে ক + খ নিয়মানুযায়ী পরিবেশ সারচার্জ হার নির্ধারিত হইবে, যেখানে—

ক = বিগত বৎসর বা বৎসরগুলাতে অপরিশোধিত পরিবেশ সারচার্জের পরিমাণ,

খ = যেই বৎসরে করদাতা পরিবেশ সারচার্জ পরিশোধ করিবেন সেই অর্থ বৎসরের জন্য নির্ধারিত পরিবেশ সারচার্জের পরিমাণ;

(ঙ) একাধিক বৎসরের জন্য গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়ন করিবার ক্ষেত্রে প্রতিবৎসর আয়কর রিটার্ন দাখিলের পূর্বে পরিবেশ সারচার্জ পরিশোধ করা না হইলে উপ-কর কমিশনার আয়কর রিটার্ন প্রসেস বা কর নির্ধারণকালে উহা আদায় করিবেন;

(চ) এই অংশের অধীন প্রদেয় পরিবেশ সারচার্জ প্রত্যর্পণযোগ্য বা অন্য কোনো প্রকারের কর বা সারচার্জের সহিত সমন্বয়যোগ্য হইবে না;

(ছ) এই অংশের উদ্দেশ্যে “মোটর গাড়ি” বলিতে বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাংক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা ও মোটর সাইকেল ব্যতীত অন্যান্য মোটরযান অন্তর্ভুক্ত হইবে।

চতুর্থ অংশ

কর রেয়াত

(১) কোনো করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের অন্যূন ১০% (দশ শতাংশ) অথবা ২৫ (পঁচিশ) জনের অধিক কর্মচারী প্রতিবন্ধী ব্যক্তিগণের মধ্য হইতে নিয়োগ করিলে উক্ত করদাতাকে প্রদেয় করের ৫% (পাঁচ শতাংশ) অথবা প্রতিবন্ধী ব্যক্তি-কর্মচারীগণকে পরিশোধিত মোট বেতনের ৭৫% (পঁচাত্তর শতাংশ), যাহা কম, কর রেয়াত প্রদান করা হইবে।

(২) কোনো করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের অন্যূন ১০% (দশ শতাংশ) অথবা ২৫ (পঁচিশ) জনের অধিক কর্মচারী তৃতীয় লিঙ্গের ব্যক্তিগণের মধ্য হইতে নিয়োগ করিলে উক্ত করদাতাকে প্রদেয় করের ৫% (পাঁচ শতাংশ) অথবা তৃতীয় লিঙ্গের কর্মচারীগণকে পরিশোধিত মোট বেতনের ৭৫% (পঁচাত্তর শতাংশ), যাহা কম, কর রেয়াত প্রদান করা হইবে।

Sponsored · বিজ্ঞাপনHouse advertisement slot — promote the printed book, CPA Bangladesh membership & training, or the authors. Kept outside the statutory text.
৳১,২০০মুদ্রিত সংস্করণ — ক্যাশ অন ডেলিভারিহার্ডকপি অর্ডার করুন

এই সংস্করণটি CPA Bangladesh কর্তৃক প্রস্তুত একটি স্বতন্ত্র, বেসরকারি একত্রীকরণ; ইহা সরকারি গেজেট নহে। This is an independent, unofficial consolidation by CPA Bangladesh — not the official Gazette. Please verify against the official Gazette before relying on it.