- অবস্থা · Status
- current
- কার্যকর · Effective from
- 2025-07-01
- সংশোধনী · Amended by
- অর্থ আইন, ২০২৬, ধারা ১৫৪ (প্রতিস্থাপিত) · অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬, ধারা ১৩৩(ক)(অ) (প্রতিস্থাপিত) · অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬, ধারা ১৩৩(ক)(আ) (সন্নিবেশিত) · অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬, ধারা ১৩৩(খ)(অ) (বিলুপ্ত) · অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬, ধারা ১৩৩(খ)(আ)
- সংস্করণ · Version
- 1
- উৎস · Source
- CPA Bangladesh consolidation v27 (migration)
- যাচাই · Official source
- bdlaws / Gazette
- স্থায়ী আইডি · ID
ita2023-sch3
তৃতীয় তফসিল
অবচয় ভাতা, নিঃশেষ ভাতা ও অ্যামর্টাইজেসন
[ধারা ৪২, ৪৯ এবং ৫০ দ্রষ্টব্য]
অবচয় ভাতা পরিগণনা
১। কৃষিতে ব্যবহৃত পরিসম্পদের অবচয় ভাতা।-
(১) কোনো করদাতা কর্তৃক কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত তাহার মালিকানাধীন কোনো মূলধনি পরিসম্পদ, পূর্ত বা ভৌত অবকাঠামো বাবদ অবচয় ভাতা, অবলোপিত মূল্যের উপর নিম্নবর্ণিত সারণীতে নির্ধারিত হারে প্রদত্ত হইবে, যথা:-
সারণী
| ক্রমিক নং | মূলধনি পরিসম্পদ | অবচয়ের হার (শতাংশ) |
|---|---|---|
| (১) | (২) | (৩) |
| ১। | ইট, কনক্রিট, ইস্পাত বা সমজাতীয় উপকরণ দ্বারা নির্মিত ইমারত বা কাঠামো | ৫ |
| ২। | টিন, বাঁশ, খড় বা সমজাতীয় দ্রব্য দ্বারা নির্মিত ঘরবাড়ি | ১০ |
| ৩। | স্থায়ী বেড়া | ১০ |
| ৪। | নলকূপ | ১০ |
| ৫। | ট্যাঙ্ক | ১০ |
| ৬। | সেচের কূয়া, চ্যানেল, পাইপ | ১০ |
| ৭। | কাঠ বা বাঁশের তৈরি কৃষি সরঞ্জাম | ২০ |
| ৮। | ওজন মাপার যন্ত্র | ১০ |
| ৯। | ট্রাক্টর,তেলের ইঞ্জিন এবং হালকা যন্ত্র | ১০ |
| ১০। | ট্রাক, ডেলিভারি ভ্যান এবং অন্যান্য মোটরযান | ১০ |
| ১১। | পাইবার পাম্পিং যন্ত্রপাতি | ২০ |
| ১২। | অযান্ত্রিক ভ্যান | ১৫ |
| ১৩। | বাষ্প ইঞ্জিন | ১০ |
| ১৪। | কারখানার যন্ত্রপাতি | ১৫ |
| ১৫। | এই সারণীতে উল্লিখিত হয় নাই এইরূপ সাধারণ যন্ত্রপাতি, হাতিয়ার, প্লান্ট ও অন্যান্য পরিসম্পদ | ১০ |
(২) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এইরূপ কোনো মূলধনি পরিসম্পদ, পূর্ত বা ভৌত অবকাঠামো সম্পূর্ণভাবে করদাতার কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত হয় নাই, সেইক্ষেত্রে উক্ত আয়বর্ষের জন্য উপ-অনুচ্ছেদ (১) এর অধীন অনুমোদিত অবচয় ভাতা উক্ত পরিসম্পদ সম্পূর্ণভাবে কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত হইলে যে পরিমাণ অবচয় ভাতা অনুমোদিত হইত তাহার যুক্তিসঙ্গত আনুপাতিক হারে প্রদেয় হইবে।
২। ব্যবসায় ব্যবহৃত পরিসম্পদের উপর অবচয় ভাতা।-
(১) কোনো করদাতা কর্তৃক ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত এবং তাহার মালিকানাধীন কোনো পরিসম্পদের উপর সংশ্লিষ্ট আয়বর্ষের জন্য অবচয় ভাতা এই অংশে বর্ণিত ভিত্তি, হার এবং সীমাবদ্ধতা, যোগ্যতা ও শর্তাবলি সাপেক্ষে, প্রদত্ত হইবে।
(২) উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত অবচয় ভাতা হইবে করদাতা কর্তৃক ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত এবং তাহার মালিকানাধীন কোনো পরিসম্পদের উপর সংশ্লিষ্ট আয়বর্ষের জন্য সাধারণ অবচয় ভাতা এবং প্রারম্ভিক অবচয় ভাতা, এবং উহা উক্ত পরিসম্পদের অবলোপিত মূল্যের উপর এই অংশে বর্ণিত ভিত্তি, হার, সীমাবদ্ধতা, যোগ্যতা ও শর্তাবলি সাপেক্ষে প্রদত্ত হইবে।
(৩) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এইরূপ পরিসম্পদ সম্পূর্ণভাবে করদাতার ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হয় নাই, সেইক্ষেত্রে উক্ত আয়বর্ষের জন্য উপ-অনুচ্ছেদ (১) এর অধীন অনুমোদিত অবচয় ভাতা উক্ত পরিসম্পদ সম্পূর্ণভাবে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হইলে যেই পরিমাণ অবচয় ভাতা অনুমোদিত হত তাহার যুক্তিসঙ্গত আনুপাতিক হারে প্রদেয় হইবে।
(৪) এই অনুচ্ছেদের অধীন কোনো পরিসম্পদের উপর অবচয় ভাতা প্রদেয় হইবে না, যদি না করদাতার রিটার্নে উক্ত পরিসম্পদ ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হইবার দাবি প্রতিফলিত হয়।
(৫) যেইক্ষেত্রে পরিসম্পদটি সম্পূর্ণভাবে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হয় নাই, সেইক্ষেত্রে উক্ত পরিসম্পদের অবলোপিত মূল্য পরিগণনা করিবার ক্ষেত্রে, পরিসম্পদটি সম্পূর্ণভাবে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হইয়াছিল মর্মে গণ্য হইবে।
(৬) কোনো পরিসম্পদের বিপরীতে অনুমোদিত মোট বিয়োজন উক্ত পরিসম্পদের ক্রয়মূল্যের অধিক হইবে না।
(৭) কোনো নির্দিষ্ট লিজিং কোম্পানির মালিকানাধীন এবং অপর কোনো ব্যক্তির নিকট লিজ প্রদত্ত পরিসম্পদের অবচয় কেবল উক্ত পরিসম্পদ হইতে উদ্ভূত লিজ ভাড়া বাবদ আয়ের বিপরীতে বিয়োজনযোগ্য হইবে।
(৮) এই অনুচ্ছেদের অধীন ফাইনান্স লিজ প্রদানকারী (lessor) কোনো নির্দিষ্ট কোম্পানির বা প্রতিষ্ঠানের অনুকূলে এইরূপ কোনো যন্ত্রপাতি, প্লান্ট, যানবাহন বা আসবাবপত্রের উপর কোনো ভাতা প্রদেয় হইবে না যাহা কোনো লিজগ্রহীতাকে ফাইনান্সিয়াল লিজ হিসাবে দেওয়া হইয়াছে।
(৯) এই অনুচ্ছেদের অধীন কোনো ভাতা অনুমোদিত হইবে না যদি-
(অ) রিটার্ন দাখিল করিবার সময় বোর্ড কর্তৃক নির্ধারিত বিবরণাদি অথবা উপকর কমিশনার কর্তৃক চাহিত অন্যান্য তথ্যাদি ও দলিলাদি দাখিল করা না হয়; এবং
(খ) অনুরূপ পরিসম্পদ বিবেচ্য আয়বর্ষে ব্যবহৃত না হয়।
(১০) এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে, ‘নির্দিষ্ট লিজিং কোম্পানি’ অর্থ কোনো লিজিং কোম্পানি, ব্যাংকিং কোম্পানি বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান যাহা লিজিং ব্যবসার সহিত সম্পৃক্ত।
৩। কোনো পরিসম্পদের ক্রয়মূল্য নির্ধারণ।-
(১) কোনো করদাতার কোনো মোটরযানের ক্রয়মূল্য অনধিক [৬০ (ষাট)] লক্ষ টাকা বলিয়া বিবেচনা করা হইবে যদি উক্ত অবচয় ভাতা প্রদেয় মোটরযান শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক বা করদাতার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী পরিবহণে নিয়োজিত বাস বা মিনিবাস ব্যতীত কোনো যাত্রীবাহী মোটরযান হয়।
(২) কোনো পরিসম্পদের ক্রয়মূল্য পরিগণনার ক্ষেত্রে, করদাতা কর্তৃক সরকার বা কোনো কর্তৃপক্ষ বা কোনো ব্যক্তির নিকট হইতে গৃহীত কোনো মঞ্জুরি, ভর্তুকি, রেয়াত বা কমিশন এবং সহায়তা (সুদসহ বা সুদমুক্ত ঋণ ব্যতীত) এর মূল্য বাদ যাইবে।
(৩) যেইক্ষেত্রে করদাতা উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত পরিসম্পদ ব্যতীত কোনো ব্যবহৃত পরিসম্পদ অর্জন করেন, সেইক্ষেত্রে উক্ত পরিসম্পদের অর্জনমূল্য তাহার ন্যায্য বাজার মূল্যের অধিক হইবে না।
(৪) যেইক্ষেত্রে কোনো পরিসম্পদ অর্জনের সহিত বৈদেশিক মুদ্রায় গৃহীত ঋণ বা বৈদেশিক মুদ্রার সম্পৃক্ততা থাকে, সেইক্ষেত্রে নিম্নবর্ণিত সমন্বয় করিবার পর কোনো পরিসম্পদের অর্জনমূল্য পরিগণনা করা হইবে, যথা:-
(ক) বিনিময় হার পরিবর্তনজনিত লোকসান অথবা বিনিময় হার হেজিং বাবদ ব্যয় যোগ করিয়া;
(খ) বিনিময় হার পরিবর্তনজনিত লাভ বিয়োগ করিয়া।
৪। সাধারণ অবচয় ভাতার হার।-
কোনো পরিসম্পদের অবলোপিত মূল্যের উপর নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে সাধারণ অবচয় ভাতা পরিগণনা করা হইবে, যথা:-
সারণী
| ক্রমিক নং | পরিসম্পদের শ্রেণি | হার (অবলোপিত মূল্যের %) |
|---|---|---|
| (১) | (২) | (৩) |
| ১। | ইমারত (এই সারণীতে অন্য কোনোভাবে নির্দিষ্ট না থাকিলে) | ৫ |
| ২। | কারখানা ভবন | ১০ |
| ৩। | আসবাবপত্র ও ফিটিংস | ১০ |
| ৪। | অফিসের সরঞ্জাম | ১০ |
| ৫। | যন্ত্রপাতি, স্থাপনা ও সরঞ্জাম (এই সারণীতে অন্য কোনোভাবে নির্দিষ্ট না থাকিলে) | ১০ |
| ৬। | সমুদ্রগামী জাহাজ | |
| (ক) নূতন | ৫ | |
| (খ) পুরাতন ক্রয়ের সময় যাহার বয়স- | ||
| (অ) অনধিক ১০ বৎসর | ১০ | |
| (আ) [১০ বৎসর এর অধিক] | ২০ | |
| ৭। | এক্স-রে, ইলেক্ট্রোথেরাপিউটিক ও উহার খুচরা যন্ত্রাংশসহ অন্যান্য মেডিক্যাল যন্ত্রপাতি | ২০ |
| ৮। | ব্যাটারি চালিত এ্যাপারেটাস ও রিচার্জেবল ব্যাটারি | ৩০ |
| ৯। | অডিও-ভিজুয়াল পণ্য উৎপাদন ও প্রদর্শনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি | ২০ |
| ১০। | ভাড়ায় চালিত ব্যতীত সকল প্রকার মোটরযান | ১০ |
| ১১। | ভাড়ায় চালিত সকল প্রকার মোটরযান | ২০ |
| ১২। | প্রিন্টার, মনিটর ও আনুষঙ্গিক আইটেমসহ কম্পিউটার হার্ডওয়্যার | ২৫ |
| ১৩। | প্রফেশনাল ও রেফারেন্স বই | ২৫ |
| ১৪। | এয়ারক্রাফ্ট, এ্যারোইঞ্জিন ও এরিয়াল ফটোগ্রাফিক যন্ত্রপাতি | ৩০ |
| ১৫। | কাঁচ বা প্লাসটিক পণ্য বা কনক্রিট পাইপ তৈরিতে ব্যবহৃত ছাঁচ | ৩০ |
| ১৬। | খনিজতেল সম্পর্কিত | |
| (ক) মাটির নীচে স্থাপিত সরঞ্জামাদি | ১০০ | |
| (খ) বহনযোগ্য বয়লার, খনন যন্ত্র, ওয়েলহেড ট্যাংক ও রিগসহ মাটির উপরে স্থাপিত অন্যান্য সরঞ্জামাদি | ২৫ | |
| ১৭। | সেতু | ২ |
| ১৮। | রাস্তা | ২ |
| ১৯। | ফ্লাইওভার | ২ |
| ২০। | পেভমেন্ট রানওয়ে, ট্যাক্সিওয়ে | ২.৫ |
| ২১। | এ্যাপ্রোন, টারম্যাক | ২.৫ |
| ২২। | বোর্ডিং ব্রিজ | ১০ |
| ২৩। | যোগাযোগ ও অনুসন্ধান সহায়ক এবং অন্যান্য সরঞ্জাম | ৫ |
| ২৪। | এই সারণীতে উল্লিখিত হয় নাই এইরূপ সকল ভৌত পরিসম্পদ | ১০% |
৫। প্রারম্ভিক অবচয় ভাতা।-
(১) যেইক্ষেত্রে কোনো ভবন নবনির্মিত হইয়াছে অথবা যন্ত্রপাতি বা স্থাপনা ইহার অন্তর্ভুক্ত কোনো পরিসম্পদ প্রথমবারের মতো বাংলাদেশে ব্যবহার করা হইয়াছে, সেইক্ষেত্রে এই অনুচ্ছেদে বর্ণিত সীমা ও শর্তাবলি সাপেক্ষে, উপ-অনুচ্ছেদ (৪) এ উল্লিখিত হারে প্রারম্ভিক অবচয় ভাতা অনুমোদিত হইবে।
(২) নিম্নবর্ণিত পরিসম্পদের ক্ষেত্রে কোনো প্রারম্ভিক অবচয় ভাতা অনুমোদিত হইবে না, যথা:-
(ক) ভাড়ায় খাটানো হয় নাই এইরূপ মোটরযান, এবং
(খ) ইতঃপূর্বে বাংলাদেশে ব্যবহৃত হইয়াছে এইরূপ যেকোনো যন্ত্রপাতি বা স্থাপনা।
(৩) কোনো করদাতা কর্তৃক যে আয়বর্ষে তাহার ব্যবসা বা পেশার উদ্দেশ্যে কোনো পরিসম্পদ প্রথম ব্যবহৃত হইয়াছে অথবা যে আয়বর্ষে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হইয়াছে, এই ২ (দুই) এর মধ্যে যাহা পরে ঘটে, সেই আয়বর্ষের ক্ষেত্রে প্রারম্ভিক অবচয় ভাতা অনুমোদিত হইবে।
(৪) সংশ্লিষ্ট পরিসম্পদের ক্রয়মূল্যের উপর নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে প্রারম্ভিক অবচয় ভাতা পরিগণনা করা হইবে, যথা:-
সারণী
| ক্রমিক নং | পরিসম্পদ | প্রারম্ভিক অবচয়ের হার |
|---|---|---|
| (১) | (২) | (৩) |
| ১। | যেকোনো ধরনের ইমারত | ১০% |
| ২। | ভাড়ায় চালিত [নয় এইরূপ] জাহাজ বা মোটরযান ব্যতীত “যন্ত্রপাতি বা স্থাপনা” এর আওতাভুক্ত যেকোনো পরিসম্পদ | ২৫% |
৬। [যন্ত্রপাতি বা স্থাপনার উপর ত্বরান্বিত অবচয় ভাতা]।―
(১) যেইক্ষেত্রে যন্ত্রপাতি বা স্থাপনার আওতাভুক্ত কোনো পরিসম্পদ ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাহিরে বাংলাদেশে অবস্থিত কোনো উৎপাদনমুখী শিল্প, পর্যটন বা ক্রীড়া ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেইক্ষেত্রে এই অনুচ্ছেদে বর্ণিত সীমা ও শর্তাবলি সাপেক্ষে, দফা (৩) এ উল্লিখিত হারে ত্বরান্বিত অবচয় ভাতা অনুমোদিত হইবে।
(২) শিল্প স্থাপনাটির বাণিজ্যিক উৎপাদন বা বাণিজ্যিক কার্যক্রম শুরুর বৎসর হইতে ২ (দুই) বৎসর পর্যন্ত ত্বরান্বিত অবচয় ভাতা অনুমোদিত হইবে।
(৩) সংশ্লিষ্ট পরিসম্পদের ক্রয়মূল্যের উপর নিম্নবর্ণিত সারণিতে উল্লিখিত হারে ত্বরান্বিত অবচয় পরিগণনা করা হইবে, যথা:-
সারণি
| ক্রমিক নং | বাণিজ্যিক উৎপাদন শুরুর আয়বর্ষ | ত্বরান্বিত অবচয়ের হার |
|---|---|---|
| (১) | (২) | (৩) |
| ১। | প্রথম আয়বর্ষ | ৬০% |
| ২। | দ্বিতীয় আয়বর্ষ | ৪০% |
(৪) নিম্নবর্ণিত শর্তাবলি, সীমা ও যোগ্যতা সাপেক্ষে, ত্বরান্বিত অবচয় ভাতা অনুমোদিত হইবে, যথা:-
(ক) সংশ্লিষ্ট পরিসম্পদ দফা (১) এ উল্লিখিত উৎপাদনমুখী, পর্যটন বা ক্রীড়া শিল্পের মালিকানাধীন এবং পূর্বে বাংলাদেশে ব্যবহৃত হয় নাই;
(খ) উৎপাদনমুখী, পর্যটন বা ক্রীড়া শিল্পের মালিকানা ও ব্যবস্থাপনা―
(অ) আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো বডি কর্পোরেট কর্তৃক পরিচালিত যাহার প্রধান কার্যালয় বাংলাদেশে অবস্থিত; বা
(আ) কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এ সংজ্ঞায়িত কোনো কোম্পানি কর্তৃক পরিচালিত যাহার নিবন্ধিত কার্যালয় বাংলাদেশে অবস্থিত এবং বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখে যাহার অনুমোদিত ও পরিশোধিত মূলধন কমপক্ষে ২০ (বিশ) লক্ষ টাকা;
(গ) উৎপাদনমুখী, পর্যটন বা ক্রীড়া শিল্পটি―
(অ) টিআইএনধারী;
(আ) এই আইনের বিধানাবলি অনুসারে হিসাব সংরক্ষণ করে;
(ই) স্বতন্ত্র ও পৃথকভাবে হিসাব সংরক্ষণ করে;
(ঈ) এই আইনের বিধানাবলি অনুসারে রিটার্ন দাখিল করে;
(ঘ) নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করে, যথা:―
(অ) বোর্ডের নিকট, বিধিবদ্ধ ফরম ও পদ্ধতিতে, বাণিজ্যিক উৎপাদন শুরুর মাসের শেষ দিন হইতে ১২ (বারো) মাসের মধ্যে ত্বরান্বিত অবচয় ভাতার জন্য আবেদন করে;
(আ) আবেদনপত্রের সহিত এই মর্মে একটি ঘোষণা সংযুক্ত করে যে, উৎপাদনমুখী, পর্যটন বা ক্রীড়া শিল্প এই আইনের কোনো ধারার অধীন কর অব্যাহতি পায় নাই, এবং কর অব্যাহতির জন্য বোর্ডের নিকট কোনো আবেদন করে নাই এবং করিবে না।
(৫) কোনো আয়বর্ষে কোনো পরিসম্পদের ত্বরান্বিত অবচয় ভাতা অনুমোদিত হইলে উক্ত পরিসম্পদের অনুকূলে এই আইনের অধীন কোনো সাধারণ বা প্রারম্ভিক অবচয় ভাতা অনুমোদিত হইবে না।
৭। পরিসম্পদের বিক্রয় বা হস্তান্তর এবং উহার লাভ বা লোকসান সম্পর্কিত ব্যবস্থা।-
যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে কোনো করদাতা কর্তৃক কোনো পরিসম্পদ বিক্রয় বা হস্তান্তর করা হয়, সেইক্ষেত্রে উক্ত পরিসম্পদের বিপরীতে এই অংশের অধীন উক্ত আয়বর্ষে কোনো অবচয় ভাতা অনুমোদিত হইবে না।
৮। ব্যাখ্যা।-
এই অংশের উদ্দেশ্য পূরণকল্পে,-
(১) “পরিসম্পদ” অর্থ কোনো ব্যক্তির মালিকানাধীন স্পর্শযোগ্য অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি (পতিত ভূমি ব্যতীত), বা স্থাবর সম্পত্তিতে কাঠামোগত উন্নয়ন-
(ক) যাহার স্বাভাবিক ব্যবহার উপযোগী আয়ু ১ (এক) বৎসরের অধিক;
(খ) স্বাভাবিক ব্যবহারের ফলে যাহার মূল্য হ্রাস পায় বা ব্যবহার অনুপযোগী হয়; এবং
(গ) যাহার জন্য এই আইনের কোনো বিধানের অধীন অবচয় ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা অনুমোদিত নহে;
(২) “আসবাবপত্র” অর্থে ফিটিংস অন্তর্ভুক্ত হইবে;
(৩) “স্থাপনা” অর্থে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত জাহাজ, যানবাহন, বই, বৈজ্ঞানিক সরঞ্জাম, এবং সার্জিক্যাল যন্ত্রপাতি অন্তর্ভুক্ত হইবে;
(৪) “জাহাজ” অর্থে কোনো স্টিমার, মোটর চালিত জলযান, সেইল, টাগ বোট, কার্গোর জন্য ইস্পাত বা লোহার পাটাতন, কাঠের কার্গো বোট, মোটর লঞ্চ ও স্পিড বোট অন্তর্ভুক্ত হইবে;
(৫) “কাঠামোগত উন্নয়ন” (স্থাবর সম্পত্তি সম্পর্কিত), অর্থে কোনো ইমারত, রাস্তা, ড্রাইভওয়ে, কার পার্ক, রেলওয়ে লাইন, পাইপ লাইন, সেতু, টানেল, এয়ারপোর্ট রানওয়ে, ক্যানেল, ডক, ওয়ার্ফ, ধারক প্রাচীর, বেড়া, বিদ্যুৎ লাইন, পানি বা পানি নিষ্কাশন পাইপ, নালা, ল্যান্ডস্কাপিং বা ড্যাম অন্তর্ভুক্ত হইবে;
(৬) “অবলোপিত মূল্য” অর্থ-
(ক) যেইক্ষেত্রে পরিসম্পদটি কোনো আয়বর্ষে অর্জিত হয়, সেইক্ষেত্রে উক্ত পরিসম্পদ বাবদ অনুমোদিত কোনো প্রারম্ভিক ভাতা বাদ দিয়া সম্পদটির ক্রয়মূল্য;
(খ) অন্যান্য ক্ষেত্রে, সম্পদটির ক্রয়মূল্য হইতে পূর্ববর্তী আয়বর্ষ বা বর্ষসমূহের কর নির্ধারণীতে উক্ত পরিসম্পদের বিপরীতে অনুমোদিত অবচয় ভাতাসমূহের সমষ্টির বিয়োগফল।
অ্যামর্টাইজেশন পরিগণনা
১। পরিগণনা।-
এই অংশের অধীন অ্যামর্টাইজেশন ভাতা সরল রৈখিক পদ্ধতিতে পরিগণনা করিতে হইবে।
২। লাইসেন্স ফি-এর অ্যামর্টাইজেশন।-
[***] কেবল সরকার অনুমোদিত কোনো কর্তৃপক্ষের নিকট হইতে দুই বা ততোধিক বৎসর ব্যবসা পরিচালনার জন্য অনুমতি প্রাপ্তির উদ্দেশ্যে কোনো নিবাসী কোম্পানি করদাতা, লাইসেন্স ফি হিসাবে কোনো অর্থ পরিশোধ করিলে, উহা করদাতার উক্ত ব্যবসার আয় হইতে লাইসেন্সের মেয়াদের শেষ বৎসর পর্যন্ত আনুপাতিক হারে খরচ অনুমোদিত হইবে।
৩। প্রাক-প্রারম্ভিক ব্যয়ের অ্যামর্টাইজেশন।-
প্রাক-প্রারম্ভিক ব্যয়ের অ্যামর্টাইজেশনের হার ২০% (বিশ শতাংশ) হইবে।
৪। গবেষণা ও উন্নয়ন ব্যয়ের অ্যামর্টাইজেশন।-
গবেষণা ও উন্নয়ন ব্যয়ের অ্যামর্টাইজেশনের হার ১০% (দশ শতাংশ) হইবে।
৫। কম্পিউটার সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনের অ্যামর্টাইজেশন।-
ব্যবহার উপযোগী কম্পিউটার সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনের অ্যামর্টাইজেশনের হার নিম্নবর্ণিতভাবে অনুমোদিত হইবে, যথা:
(ক) বাংলাদেশে তৈয়ারকৃত কোনো সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ২০% (বিশ শতাংশ);
(খ) বাংলাদেশের বাহিরে কোনো সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ১০% (দশ শতাংশ)।
৬। অননুমোদিত ব্যয়ের অ্যামর্টাইজেশন।-
এই আইনের অধীন কর নির্ধারণকালে করদাতা কর্তৃক দাবিকৃত কোনো ব্যয় মূলধনি প্রকৃতির বলিয়া অননুমোদিত হইলে করদাতার উক্ত ব্যয় পরবর্তী করবর্ষগুলোতে ১০% (দশ শতাংশ) হারে অ্যামর্টাইজেশন ভাতা হিসাবে অনুমোদিত হইবে।
৭। ব্যাখ্যা।-
(১) এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে,-
(ক) “প্রাক-প্রারম্ভিক” ব্যয় অর্থ বাণিজ্যিক কার্যক্রম শুরুর বৎসরের পূর্ববর্তী বৎসরসমূহে সম্পূর্ণ ও একান্তভাবে ব্যবসায়ের জন্য নির্বাহকৃত কিন্তু তৃতীয় তফসিলের অন্যান্য বিধানাবলির আওতায় অনুমোদিত নহে এইরূপ সকল ব্যয়কে বুঝাইবে এবং ব্যবসায়ের সম্ভাব্যতা যাচাই, মডেল বা প্রটোটাইপ নির্মাণ ও পরীক্ষামূলক উৎপাদনের ব্যয়সমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে, তবে কোনোভাবেই প্রকৃত ব্যয় অপেক্ষা অধিক হইবে না এবং পূর্বে কোনোভাবে অনুমোদিত হইলে পুনঃঅনুমোদিত হইবে না;
(খ) “গবেষণা ও উন্নয়ন ব্যয়” অর্থ ধারা ২ এর দফা ৩৩ এ সংজ্ঞায়িত গবেষণা ও উন্নয়ন ব্যয়; এবং
(গ) “লাইসেন্স ফি” অর্থ কোনো সেলুলার মোবাইল ফোন অপারেটর কর্তৃক পরিশোধিত স্পেকট্রাম এসাইনমেন্ট ফি অথবা বিশেষায়িত সেবা সরবরাহে নিয়োজিত কোনো কোম্পানির কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিশোধিত অন্য যেকোনো লাইসেন্স ফি।
সম্পাদকীয় টীকা / সংশোধনী
- অংশ ১ অনু (৩) দফা (১) — অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ১৫৪ দ্বারা প্রতিস্থাপিত।
- “১০ বৎসর এর অধিক” শব্দগুলি ও সংখ্যাগুলি “১০ বৎসর বা ততোধিক” শব্দগুলির ও সংখ্যাগুলির পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৩৩(ক)(অ) ধারাবলে প্রতিস্থাপিত।
- “নয় এইরূপ” শব্দগুলি “ভাড়ায় চালিত” শব্দগুলির পর অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৩৩(ক)(আ) ধারাবলে সন্নিবেশিত।
- অংশ ১ অনু (৬) — অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ১৫৪ দ্বারা প্রতিস্থাপিত।
- “(১)” সংখ্যা ও বন্ধনী অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৩৩(খ)(অ) ধারাবলে বিলুপ্ত।
- ‘অনুচ্ছেদ ৩’ হিসাবে ‘অনুচ্ছেদ ২’ অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৩৩(খ)(আ) ধারাবলে পুনঃসংখ্যায়িত।
- ‘অনুচ্ছেদ ৪’ হিসাবে ‘অনুচ্ছেদ ৩’ অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৩৩(খ)(আ) ধারাবলে পুনঃসংখ্যায়িত।
- ‘অনুচ্ছেদ ৫’ হিসাবে ‘অনুচ্ছেদ ৪’ অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৩৩(খ)(আ) ধারাবলে পুনঃসংখ্যায়িত।
- ‘অনুচ্ছেদ ৬’ হিসাবে ‘অনুচ্ছেদ ৫’ অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৩৩(খ)(আ) ধারাবলে পুনঃসংখ্যায়িত।
- ‘অনুচ্ছেদ ৭’ হিসাবে ‘অনুচ্ছেদ ৬’ অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৩৩(খ)(আ) ধারাবলে পুনঃসংখ্যায়িত।
এই সংস্করণটি CPA Bangladesh কর্তৃক প্রস্তুত একটি স্বতন্ত্র, বেসরকারি একত্রীকরণ; ইহা সরকারি গেজেট নহে। This is an independent, unofficial consolidation by CPA Bangladesh — not the official Gazette. Please verify against the official Gazette before relying on it.