- অবস্থা · Status
- current
- কার্যকর · Effective from
- 2026-07-01
- সংশোধনী · Amended by
- অর্থ আইন, ২০২৬, ধারা ৬৩(ক) (সন্নিবেশিত) · অর্থ আইন, ২০২৬, ধারা ৬৩(খ) (সন্নিবেশিত)
- সংস্করণ · Version
- 1
- উৎস · Source
- CPA Bangladesh consolidation v27 (migration)
- যাচাই · Official source
- bdlaws / Gazette
- স্থায়ী আইডি · ID
ita2023-s81
ধারা ৮১। অনুমোদিত কর অবকাশপ্রাপ্ত সত্তার আয়
৮১।(১) এই আইনের বিধান সাপেক্ষে, কোনো অনুমোদিত কর অবকাশপ্রাপ্ত সত্তা কর্তৃক অর্জিত ‘ব্যবসা [বা পেশা] হইতে আয়’ খাতের অন্তর্ভুক্ত আয় নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত সীমা, শর্ত এবং যোগ্যতা সাপেক্ষে ষষ্ঠ তফসিল এর অংশ ৪ এবং এই অধ্যায়ের অধীন সম্পূর্ণ বা আংশিকভাবে করছাড় সুবিধাপ্রাপ্ত হইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন কোনো আয়কর ছাড়ের সুবিধা প্রাপ্ত হইলে তাহা করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হইবে না, তবে তাহা রিটার্নের সংশ্লিষ্ট অংশে প্রদর্শন করিতে হইবে।
(৩) কোনো অনুমোদিত কর অবকাশপ্রাপ্ত সত্তাকে উপ-ধারা (১) এর অধীন নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে করছাড় সুবিধা প্রদান করা যাইবে, যথা:-
(ক) উক্ত সত্তা এইরূপ কোনো ব্যক্তি মালিকানাধীনে এবং ব্যক্তি কর্তৃক পরিচালিত, যিনি-
(অ) আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো সংবিধিবদ্ধ সংস্থা যাহার প্রধান কার্যালয় বাংলাদেশে অবস্থিত;
(আ) কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এ সংজ্ঞায়িত এবং বাংলাদেশে নিবন্ধিত অফিস রহিয়াছে এইরূপ কোম্পানি বাণিজ্যিক উৎপাদন শুরু হইবার তারিখে ক্রয়কৃত বা পরিশোধিত মূলধন ২০ (বিশ) লক্ষ টাকার নিম্নে নহে;
(খ) উক্ত সত্তা ইতোমধ্যে অস্তিত্ব রহিয়াছে এইরূপ কোনো ব্যবসা হইতে বিচ্ছিন্ন হইয়া বা পুনর্গঠন বা পুনঃসংযোজনের মাধ্যমে গঠিত হয় নাই;
(গ) কোনো কারখানা, যন্ত্রপাতি, উপকরণ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থাবর সম্পত্তি যদি বাংলাদেশের অন্য কোনো সত্তা কর্তৃক ইতঃপূর্বে ব্যবহৃত না হইয়া থাকে;
(ঘ) উক্ত সত্তা-
(অ) টিআইএন গ্রহণ করিয়াছে;
(আ) এই আইনের বিধান অনুযায়ী হিসাবরক্ষণ করিয়াছে;
(ই) স্বতন্ত্রভাবে এবং পৃথকভাবে হিসাব রক্ষণ করিয়াছে।
ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, “অনুমোদিত কর অবকাশপ্রাপ্ত সত্তা” অর্থ কোনো আয়বর্ষের সহিত সংশ্লিষ্ট কোনো সত্তা যাহার ব্যবসা [বা পেশা] হইতে আয় রহিয়াছে এবং যাহা-
(ক) এই অধ্যায়ের অধীন আংশিক বা সম্পূর্ণ করছাড়ের জন্য বোর্ড কর্তৃক অনুমোদিত হইয়াছে;
(খ) সংশ্লিষ্ট আয়বর্ষে উক্ত করছাড় বা করহ্রাসের জন্য অনুমোদিত হইয়াছে।
সম্পাদকীয় টীকা / সংশোধনী
- “বা পেশা” শব্দগুলি “ব্যবসা” শব্দের পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৬৩(ক) দ্বারা সন্নিবেশিত।
- “বা পেশা” শব্দগুলি ব্যাখ্যাংশে “ব্যবসা” শব্দের পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৬৩(খ) দ্বারা সন্নিবেশিত।
এই সংস্করণটি CPA Bangladesh কর্তৃক প্রস্তুত একটি স্বতন্ত্র, বেসরকারি একত্রীকরণ; ইহা সরকারি গেজেট নহে। This is an independent, unofficial consolidation by CPA Bangladesh — not the official Gazette. Please verify against the official Gazette before relying on it.