ধারা ১৭৭। উৎসে করের রিটার্ন

আয়কর আইন, ২০২৩ · act-12-of-2023 · ita2023-s177
অবস্থা · Status
current
কার্যকর · Effective from
2024-07-01
সংশোধনী · Amended by
অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬, ধারা ১০২(ক) (প্রতিস্থাপিত) · অর্থ আইন, ২০২৬, ধারা ১০৫ (প্রতিস্থাপিত) · অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬, ধারা ১০২(খ) (প্রতিস্থাপিত) · অর্থ আইন, ২০২৪, ধারা ৬৫(খ) (বিলুপ্ত)
সংস্করণ · Version
1
উৎস · Source
CPA Bangladesh consolidation v27 (migration)
যাচাই · Official source
bdlaws / Gazette
স্থায়ী আইডি · ID
ita2023-s177

ধারা ১৭৭। উৎসে করের রিটার্ন

১৭৭।(১) নিম্নবর্ণিত ব্যক্তিগণ বোর্ড কর্তৃক যেইরূপ উপযুক্ত সেইরূপ নির্ধারিত ফরমে অংশ ৭ এর বিধানাবলির অধীন কর্তনকৃত বা সংগ্রহকৃত করের রিটার্ন দাখিল করিবেন:

[(ক) সরকারের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর এবং মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিও) কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যেকোনো কোম্পানি;

(খ) ফার্ম;

(গ) ব্যক্তিসংঘ;

(ঘ) বেসরকারি হাসপাতাল;

(ঙ) ক্লিনিক;

(চ) ডায়াগনস্টিক সেন্টার;

(ছ) পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ;

(জ) বার্ষিক ১ (এক) কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট কোনো ই-কমার্স প্লাটফর্ম বা অনলাইন মার্কেটপ্লেস;

[(ঝ) বার্ষিক ১ (এক) কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট হোটেল, রিসোর্ট, মোটেল, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, কমিউনিটি সেন্টার, ট্রান্সপোর্ট এজেন্সি;]

(ঞ) কৃষক নহেন, এইরূপ কোনো ব্যক্তি যিনি তামাক পাতা, সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও অন্যান্য তামাক জাতীয় পণ্য উৎপাদনে জড়িত;

(ট) বার্ষিক ১০ (দশ) কোটি টাকার অধিক ব্যবসায়িক টার্নওভার রহিয়াছে এইরূপ যেকোনো স্বাভাবিক ব্যক্তি।]

(২) উপ-ধারা (১) এর অধীন রিটার্ন-

(ক) করদাতা যে উপকর কমিশনারের অধিক্ষেত্রের আওতাধীন তাহার নিকট দাখিল করিতে হইবে;

(খ) নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট বিবরণ ও তথ্যাদি এবং তফসিল, বিবৃতি, হিসাব, পরিশিষ্ট বা দলিলাদি সহযোগে দাখিল করিতে হইবে;

(গ) ধারা ১৬৯ এর উপ-ধারা (৫) এ বর্ণিত পদ্ধতিতে স্বাক্ষরিত ও প্রতিপাদন করিতে হইবে;

[(৩) উপ-ধারা (১) এর অধীন পূর্ববর্তী ০৩ (তিন) মাসের জন্য প্রযোজ্য রিটার্ন নিম্নবর্ণিত সময়ে দাখিল করিতে হইবে, যথা:-

অর্থবৎসরের তারিখ যে মাসের জন্য প্রযোজ্য
(১) (২)
২৫ অক্টোবর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর
২৫ জানুয়ারি অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর
২৫ এপ্রিল জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ
২৫ জুলাই এপ্রিল, মে ও জুন:

তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে উপর্যুক্ত সারণীতে উল্লিখিত তারিখ সাপ্তাহিক বা সরকারি কোনো ছুটির দিন সেইক্ষেত্রে পরবর্তী কর্মদিবসে উক্ত রিটার্ন দাখিল করিতে হইবে।]

(৪) [বিলুপ্ত]

(৫) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ইলেকট্রনিক, যন্ত্রে পাঠযোগ্য বা কম্পিউটারে পাঠযোগ্য মাধ্যমে রিটার্ন দাখিলের ক্ষেত্র, ফরম ও পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।

সম্পাদকীয় টীকা / সংশোধনী

  1. উপ-ধারা (১) এর দফা (ক) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ধারা ১০২(ক) দ্বারা প্রতিস্থাপিত; ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  2. উক্ত বিধান (দফা ঝ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ১০৫ দ্বারা প্রতিস্থাপিত।
  3. উপ-ধারা (৩) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ধারা ১০২(খ) দ্বারা প্রতিস্থাপিত; ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  4. উপ-ধারা (৪) অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ধারা ৬৫(খ) দ্বারা বিলুপ্ত; ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।
Sponsored · বিজ্ঞাপনHouse advertisement slot — promote the printed book, CPA Bangladesh membership & training, or the authors. Kept outside the statutory text.
৳১,২০০মুদ্রিত সংস্করণ — ক্যাশ অন ডেলিভারিহার্ডকপি অর্ডার করুন

এই সংস্করণটি CPA Bangladesh কর্তৃক প্রস্তুত একটি স্বতন্ত্র, বেসরকারি একত্রীকরণ; ইহা সরকারি গেজেট নহে। This is an independent, unofficial consolidation by CPA Bangladesh — not the official Gazette. Please verify against the official Gazette before relying on it.