ধারা ১৪০। সংজ্ঞা

আয়কর আইন, ২০২৩ · act-12-of-2023 · ita2023-s140
অবস্থা · Status
current
কার্যকর · Effective from
2024-07-01
সংশোধনী · Amended by
অর্থ আইন, ২০২৬, ধারা ৮৩ (প্রতিস্থাপিত) · অর্থ আইন, ২০২৪, ধারা ৫১ (সন্নিবেশিত) · অর্থ আইন, ২০২৬, ধারা ৮৩ (সন্নিবেশিত)
সংস্করণ · Version
1
উৎস · Source
CPA Bangladesh consolidation v27 (migration)
যাচাই · Official source
bdlaws / Gazette
স্থায়ী আইডি · ID
ita2023-s140

ধারা ১৪০। সংজ্ঞা

১৪০। সংজ্ঞা।—এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে,

(১) “অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি” বলিতে-

(অ) “চাকরি হইতে আয়” খাতের অধীন আয় হিসাবে পরিগণিত হয় এইরূপ কোনো অর্থ পরিশোধের ক্ষেত্রে স্বয়ং নিয়োগকর্তা বা যেইক্ষেত্রে নিয়োগকর্তা স্থানীয় কর্তৃপক্ষ, কোম্পানি বা প্রতিষ্ঠান হয়, সেইক্ষেত্রে অনুরূপ কর্তৃপক্ষ, কোম্পানি বা প্রতিষ্ঠান এবং উহাদের 1[মুখ্য কর্মকর্তাও] অন্তর্ভুক্ত হইবে;

(আ) “আর্থিক পরিসম্পদ হইতে আয়” খাতের অধীন কোনো অর্থ পরিশোধের ক্ষেত্রে, উক্ত আর্থিক পরিসম্পদ ইস্যুকারী কোনো সংস্থা, কোম্পানি বা অন্য কোনো প্রতিষ্ঠান অথবা উক্ত সংস্থা, কোম্পানি বা প্রতিষ্ঠানের মুখ্য কর্মকর্তা; এবং

(ই) এই আইনের অধীন করযোগ্য আয় হিসাবে পরিগণিত অন্য কোনো অর্থ পরিশোধের ক্ষেত্রে বা এই অংশের অধীন উৎসে কর কর্তন বা সংগ্রহ প্রযোজ্য হয় এইরূপ কোনো অর্থ পরিশোধের ক্ষেত্রে, স্বয়ং অর্থ প্রদানকারী অথবা অর্থ প্রদানকারী কোনো কোম্পানি বা অন্য কোনো প্রতিষ্ঠান হইলে, উহার মুখ্য কর্মকর্তাও অন্তর্ভুক্ত হইবে;

(২) “চুক্তি” অর্থে উপ-চুক্তি, উপ-উপ-চুক্তি, অনুযাত (subsequent) চুক্তি, কোনো সমঝোতা (agreement) বা বন্দোবস্ত (arrangement) যে নামেই অভিহিত হউক না কেন, অন্তর্ভুক্ত হইবে;

(৩) “নির্দিষ্ট ব্যক্তি” অর্থ-

(ক) কোনো কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্ট বা তহবিল;

(খ) পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ;

(গ) কোনো বিদেশি ঠিকাদার, বিদেশি এন্টারপ্রাইজ বা বাংলাদেশের বাহিরে প্রতিষ্ঠিত কোনো সংঘ বা সংস্থা;

(ঘ) কোনো হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার;

(ঙ) বার্ষিক এক কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট কোনো ই-কমার্স প্লাটফর্ম, যাহা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি নহে, যে নামেই অভিহিত হউক না কেন;

(চ) বার্ষিক ১ (এক) কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট হোটেল, 2[রিসোর্ট, মোটেল, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার,] কমিউনিটি সেন্টার, ট্রান্সপোর্ট এজেন্সি;

(ছ) কৃষক নহেন এইরূপ কোনো ব্যক্তি যিনি তামাক পাতা, সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও অন্যান্য তামাক জাতীয় পণ্য উৎপাদন এবং সরবরাহে জড়িত,

3[(জ) বার্ষিক ১০ (দশ) কোটি টাকার অধিক ব্যবসায়িক টার্নওভার রহিয়াছে এইরূপ যেকোনো স্বাভাবিক ব্যক্তি;]

(৪) “পরিশোধ” বলিতে স্থানান্তর, ক্রেডিট, পরিশোধের সমন্বয় বা কোনো পরিশোধ করিবার আদেশ বা নির্দেশ অন্তর্ভুক্ত হইবে;

(৫) “ভিত্তিমূল্য” বলিতে নিম্নবর্ণিত ৩ (তিন) টি বিষয়ের মধ্যে যাহা অধিক তাহাকে বুঝাইবে-

(অ) চুক্তি মূল্য;

(আ) বিল বা ইনভয়েসের অঙ্ক; বা

(ই) পরিশোধ।

সম্পাদকীয় টীকা / সংশোধনী

  1. “মুখ্য কর্মকর্তাও” শব্দগুলি “প্রধান কর্মকর্তাও” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৮৩(অ) দ্বারা প্রতিস্থাপিত।
  2. “রিসোর্ট, মোটেল, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার,” শব্দগুলি ও কমাগুলি “হোটেল,” শব্দ ও কমার পর অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ধারা ৫১ দ্বারা সন্নিবেশিত; ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  3. এই উপ-দফা (জ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ধারা ৮৩ দ্বারা সন্নিবেশিত।
Sponsored · বিজ্ঞাপনHouse advertisement slot — promote the printed book, CPA Bangladesh membership & training, or the authors. Kept outside the statutory text.
৳১,২০০মুদ্রিত সংস্করণ — ক্যাশ অন ডেলিভারিহার্ডকপি অর্ডার করুন

এই সংস্করণটি CPA Bangladesh কর্তৃক প্রস্তুত একটি স্বতন্ত্র, বেসরকারি একত্রীকরণ; ইহা সরকারি গেজেট নহে। This is an independent, unofficial consolidation by CPA Bangladesh — not the official Gazette. Please verify against the official Gazette before relying on it.